শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: আ. লীগের ৭ নেতাকর্মী আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পিএম

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। গতকাল বুধবার রাতেই বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এ তথ্য জানিয়েছেন। এর আগে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মাধ্যমে তাদের প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ যেভাবে চাইবেন তাকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হবে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোসারস হোসেন, মির আমিনুর, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পিয়াস, অর্থবিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল, সদর উপজেলা ছাত্রলীগের কর্মী মীর মারুফ ও ছাত্রলীগ কর্মী খান মোহাম্মদ রাফি ওরফে সিজন।

মানিকগঞ্জ সদর উপজেলায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার দুপুরে আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে পাঠিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জিয়াউদ্দিন।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি (সিজন) অগ্নিসংযোগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘মিশন কমপ্লিট ব্রো’!

এদিকে বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, সরকার খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে, আমার মাধ্যমে চিত্রশিল্পী যেভাবে চান, সেভাবেই নতুন ঘর তৈরি করা হবে।

একইস্থানে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। এ সময় তিনি বলেন, এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। এরা সবাই আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকা র‌্যাঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। আমি নিজে আজ পরিদর্শন করে গেলাম। এ ঘটনার সাথে জড়িতদের যাতে দ্রুত আটক করা যায় তার জন্য আমারা সর্বোচ্চ সর্তক রয়েছি।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ স্থানীয় সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মানিকগঞ্জ পুলিশ ও জেলা প্রশাসক আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে যেন ধর্ম ও রাজনীতিকে যেন না টানা হয়। কোনও নিরাপরাধ লোককে হয়রানি না করার আহ্বান জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত