রোহিতের অবসরের সময় এসে গেছে: শেবাগ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম

নাহ, কিছুতেই ফর্মে ফিরতে পারছেন না রোহিত শর্মা। ‘হিটম্যান’ খ্যাত ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক চলতি আইপিএলে সুপার ফ্লপ। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৮৪। এই অবস্থায় তার কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রোহিত ২৬ রানে আউট হওয়ার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে শেবাগ বলেছেন, ‘রোহিতের অবসর নেওয়ার সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেওয়া উচিত, যা ভক্তদের মনে থাকবে। তার এমন কিছু করার উচিত নয় যা মানুষকে ভাবতে বাধ্য করবে যে- “ওকে এখন বাদ দিচ্ছে না কেন?” আর ১০টা বল নাও, কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও।’

রোহিতের পরিসংখ্যান তুলে ধরে শেবাগ বলেছেন, ‘গত ১০ বছরের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, এই সময়ে রোহিত একবারই আইপিএলে ৪০০ রানের বেশি করেছে। অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যে ভাবে তাকে ৫০০ বা ৭০০ রান করতেই হবে। কিন্তু যদি রোহিত ভাবে, তাহলে হয়তো করতেও পারে। সে জাতীয় দলের অধিনায়ক হওয়ার সময় বলেছিল, এমন ক্রিকেটার সে দলে চায় যে ঝুঁকি নিতে পারবে, দলের জন্য আত্মত্যাগ করতে পারবে। কিন্তু নিজের পারফর্মেন্সের ক্ষেত্রে এই ভাবনায় তার লিগ্যাসির ক্ষতি হচ্ছে।’

পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক রোহিতকে পরামর্শ দিয়ে শেবাগ বলেন, ‘সে বারবার ব্যাক-অব-দ্য-লেংথ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে। তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে, একটা ইনিংসে সে একবারও পুল শট খেলবে না। কিন্তু রোহিতকে এটা বুঝিয়ে বলবে কে? কারও তো থাকা উচিত যে রোহিতকে বলতে পারে, নরমাল ক্রিকেট খেল। আমি যখন খেলতাম, তখন শচীন, দ্রাবিড়, গাঙ্গুলীরা আমাকে নরমাল ক্রিকেট খেলতে বলতেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত