আইপিএল খেলতে আসা ক্রিকেট তারকাদের নিয়ে স্পনসর কম্পানিগুলো বিজ্ঞাপন করিয়ে থাকে। অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ট্রাভিস হেডকে দিয়েও মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন পরিষেবা কোম্পানি উবারের একটি বিজ্ঞাপন করানো হয়েছে। সেই বিজ্ঞাপন করে এখন মহাবিপাকে পড়েছেন এই বিশ্বকাপজয়ী ওপেনার।
গত ৫ এপ্রিল একটি বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ করে উবার। ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উবার চালককে সঙ্গে নিয়ে ট্রাভিস হেড একটি স্টেডিয়ামে যান (বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়াম)। সেখানে বেঙ্গালুরুর-হায়দরাবাদ ম্যাচ হওয়ায় কথা। শুরুতে হেড বলেন, ‘বেঙ্গালুরু, তোমরা কি হেডেকের (মাথাব্যথা) জন্য প্রস্তুত?’ এরপর নিরাপত্তাকর্মীর কাছে নিজেকে সম্প্রচারকর্মী পরিচয় দিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েন।
বিজ্ঞাপনে দেখা যায়, এরপর সঙ্গে নিয়ে আসা স্প্রে পেইন্টিং বের করে বেঙ্গালুরুর নামের ওপর ‘রয়্যালি চ্যালেঞ্জড’ লিখে দেন হেড। নিরাপত্তাকর্মীরা সেটা বুঝতে পেরে হেড ও তার এক সঙ্গীকে তাড়া করেন। বিপদ আঁচ করতে পেরে হেড সঙ্গে সঙ্গে দৌড়ে স্টেডিয়াম ত্যাগ করেন এবং বাইরে অপেক্ষারত উবারের বাইকে চড়ে পালিয়ে যান। পালিয়ে যেতে যেতে হেড বলেন, ‘আমি ট্রাভিস হেড এবং আমরা হায়দ্রাবাদি।’
বিজ্ঞাপনটি ইউটিউবে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ বার দেখা হয়েছে। কিন্তু বিজ্ঞাপনটি দেখার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মালিকপক্ষের মনে হয়েছে, উবার তাদের ব্র্যান্ডকে নিয়ে উপহাস করেছে। এ কারণে তারা দিল্লি উচ্চ আদালতে উবারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। বেঙ্গালুরুর আইনি পরামর্শক শ্বেতশ্রী মজুমদারের দাবি, বেঙ্গালুরুর ব্র্যান্ডকে ছোট করতেই ইচ্ছাকৃতভাবে এমন বিজ্ঞাপন বানানো হয়েছে।
ভারতের দক্ষিণের দুই রাজ্য কর্ণাটক ও তেলেঙ্গানার রাজধানী বেঙ্গালুরু ও হায়দরাবাদের লোকজনের মাঝে প্রায়ই নানা বিষয়ে ঝামেলায় লাগে। মজার ব্যাপার হলো, আইপিএলে ট্রাভিস হেড দুই রাজ্যের দলের হয়েই খেলেছেন। শ্বেতশ্রী মজুমদারের দাবি, উবার বেঙ্গালুরুর জনপ্রিয় স্লোগান নিয়েও উপহাস করেছে। আইপিএলে কখনো শিরোপা জিততে না পারা বেঙ্গালুরু এই স্লোগানকে ধারণ করেই খেলতে নামে।
বাবরকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান আলী
৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যান ইউয়ের অবিশ্বাস্য জয়
জেনে নিন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দিন-তারিখ
ক্যান্সারকে হারিয়ে আইপিএলে ফিরছেন উইলকিন্স