যে সমীকরণে পাকিস্তানের কাছে হারলেও বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে নিগার সুলতানার দল। এই ম্যাচ জিতলেই বিশ্বকাপের মূলপর্বে উঠে যাবে বাংলাদেশ। আর হেরে গেলে কী হবে? নিগারদের সব আশাই কি শেষ হয়ে যাবে?

এ মুহূর্তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান দুইয়ে, রান রেট ‍+১.০৩৩। অন্যদিকে শীর্ষে থাকা পাকিস্তান ৪ ম্যাচের সবকটিতেই জিতেছে। এআড়া বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ (৪ ম্যাচে ৪ পয়েন্ট)। তবে রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থায় আছে। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের টিকিট কাটতে হলে বাংলাদেশকে আজ কী করতে হবে?

লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে চলমান ম্যাচটি জিতলে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। তখন ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার হয়ে উঠবে। ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও বাংলাদেশই বিশ্বকাপে জায়গা করবে। কারণ পয়েন্ট ভাগাভাগি করলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭। ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে হারালেও ৬ পয়েন্টের বেশি পাবে না।

যদি আজ পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে যায়, তাহলে কী হবে? সেক্ষেত্রে নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে, তাই বাংলাদেশই মূলপর্বে উঠে যাবে। আর যদি থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে নিগারদের কপাল পুড়বে। বাংলাদেশ দল যদি ১০০ রানে হারে, ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের বিপক্ষে জিততে হবে ১৫০ রানে। আর রান তাড়া করলে জিততে হবে ২০ ওভারের মধ্যে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত