জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলেও। চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলবে যুব দল। সফর সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
আগামী ২৬ এপ্রিল শুরু হবে সিরিজ। তবে তার আগে ২৪ এপ্রিল এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।
ঘোষিত স্কোয়াডে আছেন জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, কালাম সিদ্দিকি অ্যালিন, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
মূল দলে থাকার পাশাপাশি ইনজুরি বা অন্য যেকোনো প্রয়োজনে বিবেচনায় রাখার জন্য রাখা হয়েছে পাঁচ অতিরিক্ত ক্রিকেটার। তারা হলেন—রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ ও শাহরিয়ার আল আমিন।
এর আগে ৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে এক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয় অনূর্ধ্ব-১৯ দল। সেই ক্যাম্পের পারফরম্যান্স, শারীরিক প্রস্তুতি ও সম্ভাবনা বিবেচনায় রেখেই গড়া হয়েছে চূড়ান্ত স্কোয়াড।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ ও ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ ও শাহরিয়ার আল আমিন।
তিন পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুর্দান্ত প্রত্যাবর্তনে বার্সা চেনালো নিজেদের জাত