সাবধানী শুরুর পরও দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের শুরুটা করেছিল ধীর ও হিসেবি। কিন্তু সেই সাবধানতা টিকলো না ১২ ওভারের বেশি। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সকালে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে কিছুটা চাপে পড়ে গেছে স্বাগতিকরা।

দিনের শুরুতে শুরুর মঞ্চটা ঠিকঠাকই সাজিয়ে নিচ্ছিলেন জয় ও সাদমান। বোলারদের মেপে মেপে খেলছিলেন দুজনেই। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিচ্ছিলেন নিখুঁত ধৈর্যে। তবে পঞ্চম ওভারে একবার বড় ধাক্কার মুখে পড়েছিল বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারিতে জয় ব্যর্থ হন ব্যাটে লাগাতে, প্যাডে লাগে বল। জোরালো আবেদন ওঠে, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। পরে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্প ছুঁয়ে যেতে পারত—তবে আম্পায়ার্স কলের সুবিধায় বেঁচে যান জয়।

এই জুটি যখন একটু জমে উঠছিল, তখনই ভাঙন ধরান ভিক্টর নিয়াউচি। নবম ওভারে বোলিংয়ে এসেই ফিরিয়ে দেন সাদমান ইসলামকে। ভেতরে ঢোকা বলে টাইমিং হারিয়ে গালিতে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটার। ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়ার আগে ২৩ বলে এক চারে ১২ রান করেন সাদমান।

দুই ওভার পর নিয়াউচি ফেরান মাহমুদুল হাসান জয়কেও। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে বসেন জয়, তবে বল সোজা ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক নিয়াশা মায়াভো সহজ ক্যাচ নেন। ৩৫ বলে দুই চারে ১৪ রান করে ফেরেন ডানহাতি ওপেনার।

১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। ক্রিজে আছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাবধানী শুরুটা কাজে লাগাতে না পারায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ এখন বড় দায়িত্বের সামনে। শুরুর বিপর্যয় পেরিয়ে দলকে একটা শক্ত ভিত দিতে না পারলে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত