২০ সেকেন্ড আগে রাব্বির গোলে বাংলাদেশের জয়

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ম্যাচ শেষ হওয়ার মাত্র ২০ সেকেন্ড আগে জয়সূচক গোলটি করেন বাংলাদেশের ফজলে রাব্বি। এর আগে কাজাখস্তানকে উড়িয়ে টানা পঞ্চম শিরোপা মিশন শুরু করেছিল বাংলাদেশ।

জাকার্তায় ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোন দলই। আক্রমণে এগিয়ে থাকলেও ইন্দোনেশিয়ার গোলমুখে গিয়ে বারবার খেই হারাতে দেখা গেছে বাংলাদেশকে। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ডেডলক ভাঙে বাংলাদেশ। ২৫ মিনিটে ওবায়দুল হাসান জয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সোহানুর রহমান সবুজ। তার নিঁখুত পিসি ইন্দোনেশিয়া কিপারকে পরাস্ত করে জালে জড়ায়। তবে এই কোয়ার্টারের শেষ মিনিটে ব্যবধান কমান ইন্দোনেশিয়ার প্রাস্তিও আলফান্দি। 

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ গোল পায়নি। উল্টো ৩৪ মিনিটে আকমল খায়রুল্লো ফিল্ড গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। ইন্দোনেশিয়া বড় অঘটনের স্বপ্ন নিয়ে শুরু করেছিল শেষ কোয়ার্টার। বাংলাদেশকে রুখে দেওয়ার সেই স্বপ্ন পূরণও হতে যাচ্ছিল। তবে ২০ সেকেন্ড আগে বাংলাদেশকে বড় লজ্জা থেকে রক্ষা করেন ফজলে রাব্বি। সার্কেলের বাইরে থেকে সতীর্থের জোড়ালো হিট গোলমুখে পেয়ে দ্রুত আলতো টোকায় গোলের আনুষ্ঠানিকতা সাড়েন এই ফরোয়ার্ড। দলকে জেতালেও ম্যাচ সেরা পুরস্কার পাননি রাব্বি। এই পুরস্কার জিতে নেন বাংলাদেশের হয়ে প্রথম গোল করা জয়। 

দুই ম্যাচ শেষে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পুল-বি-এর শীর্ষে আছে বাংলাদেশ। থাইল্যান্ড চার পয়েন্ট নিয়ে দুইয়ে। মঙ্গলবার এই থাইল্যান্ডের বিপক্ষেই তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত