বাংলাদেশের ক্রিকেটের এই হাল কেন?
নতুন ধরনের ক্রিকেট খেলার বার্তা দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সেই পুরনো দিনের বাংলাদেশকেই দেখা গেল। প্রথম ইনিংসে তারা অল-আউট হয়েছে মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ৬৭ রান তুলে। যে জিম্বাবুয়েকে বলেকয়ে হারানো যেত, তাদের সামনে কেন এই আত্মসমর্পণ?
আজ রবিবার প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দলের এই হাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনাদেরকে একটা কথা বলি। ধরেন, একটা দেশের অর্থনীতি খুব শক্তিশালী। তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারবেন।? আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, রাস্তাঘাট লাগবে ভালো, ভালো মানুষ লাগবে। সবকিছুই লাগবে।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আমাকে যদি বলেন প্লেয়াররা ভালো করার চেষ্টা করছে না, এটা ভুল। কারণ আমি কাছে থেকে দেখছি। তাদের সেই চেষ্টা আছে। কিন্তু এটার সঙ্গে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার-স্যাপার থাকে। ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না। একাডেমিগুলোতে কী ফ্যাসিলিটিস আছে? একটা দেশের সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়ে যায়, ক্রিকেটও সেভাবে এগোয়। শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই।’
বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় হলেও কাঠামো খুবই দুর্বল। সেদিকেই ইঙ্গিত করে সালাউদ্দিন বললেন, দ্রুত ভালো করার চেষ্টা করতে হবে। তার ভাষায়, ‘শুধু অনুশীলন করে চেষ্টা করলেই হয় না। আরও অনেক কিছুই লাগে। যা আপনাদের সামনে আমি বলতে পারব না। উচিতও না বলা। দ্রুত ভালো করতে হবে। কারণ, একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন সেটা সে দেশের জাতীয় দল দেখলেই বোঝা যায়।’
নিজের ভবিষ্যদ্বাণীকে নিজেই সত্যি করলেন বিজয়
ব্যাট হাতে ব্যর্থ মুশফিকের প্রসঙ্গ এড়িয়ে গেলেন সালাউদ্দিন
‘১০ বছর দেশকে নেতৃত্ব দিয়ে এই পেলাম!’