বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতার প্রসঙ্গে জারি করা ডিএমপি’র অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত সোমবার (২১ এপ্রিল) ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত উক্ত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেন।
গত রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিট আবেদনটি দায়ের করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
প্রসঙ্গত, ৯ এপ্রিল জারি করা ডিএমপি’র এক অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলাগুলোর অধিকাংশে এজাহারনামীয় আসামির সংখ্যা অনেক। এসব মামলায় তদন্তে পাওয়া বা এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে যথাযথ প্রমাণসহ (যেমন ভিকটিম বা প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ভিডিও বা অডিও ফুটেজ, স্থিরচিত্র, কললিস্ট ইত্যাদি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশও দেওয়া হয় আদেশে।
আদালতের এ আদেশে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত উক্ত নির্দেশনা আপাতত কার্যকর থাকছে না। স্থগিতাদেশের ফলে আদেশটির কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থবির থাকবে।
উদযাপন করতে গিয়ে কিপারের নাকে ঘুষি!
গজারিয়ায় জায়গা দখলের অভিযোগে রিমার্ক কোম্পানীর গেট তালা 