দর্শকের দিকে তেড়ে যাওয়া নিয়ে মুখ খুললেন খুশদিল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১২ পিএম

নিউজিল্যান্ড সফরে দর্শকের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে সমালোচকদের তোপের মুখে পড়েন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। সমালোচনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। যে দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন, তার সঙ্গে কী হয়েছিল জানিয়েছেন জিও নিউজকে।

খুশদিল বলেন, 'দর্শক যে কথা বলেছিল, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য। আমি বছরের পর বছর ধরে এমন অপমান সহ্য করে আসছি। কিন্তু এগুলো যখন আমার দেশ বা মা–বাবার উদ্দেশে করা হয়, আমি তো আর চুপ থাকতে পারি না।' খুশদিল আরও বলেন, 'সেদিন আমি ব্যক্তিগত অপমান সহ্য করে গেছি। কিন্তু আমার জাতি আর পরিবারের প্রতি অশ্রদ্ধা সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনটা যদি আবারও ঘটে, আমি একই রকম প্রতিক্রিয়া দেখাব।' নিউজিল্যান্ডে সিরিজের তৃতীয় ওয়ানডের পর এক দর্শককে মারতে গিয়েছিলেন খুশদিল।

খুশদিলকে পক্ষপাত করে দলে নেওয়ার দাবি অনেকেই করেন। সাক্ষাৎকারে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা খুশদিল। 'ছয় বছরে আমাকে তিন বা চারবার (বাদ পড়ার পর) দলে জায়গা করতে হয়েছে। কখনো কখনো আমাকে দ্বাদশ খেলোয়াড় করা হয়। কিন্তু আমি আমার ছন্দে থাকা নিয়ে সব সময় কাজ করি, যাতে করে সুযোগ পেলেই দলকে কিছু দিতে পারি।'

সমর্থক আর সংবাদমাধ্যমের কাছ থেকে সমর্থন না পাওয়া নিয়ে আক্ষেপ করেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

ওয়ানডেতে ৩২.৮০ ও টি-টোয়েন্টিতে ১৮.২৮ গড়ে রান করা খুশদিল বলেন, 'তাদের উচিত, আগে আমার রেকর্ড দেখা, আমি কীভাবে দলে জায়গা পেয়েছি। আমি কারও আত্মীয় নই। কোনো ক্রিকেটারের ছেলে নই। নই কোনো রাজনীতিকের চাচাতো–মামাতো–ফুফাতো ভাই। আমি সাধাসিধে একটি সম্মানীয় পরিবার থেকে এসেছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত