এইচআরএসএস’র প্রতিবেদন 

তিন মাসে ৩২৫ ‘রাজনৈতিক সহিংসতায়’ নিহত ৪৭,  ধর্ষণের শিকার ২৪০

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

জানুয়ারি থেকে মার্চ- এই তিনমাসে ৩২৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন অন্তত ৪৭ জন। দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলার ঘটনায় মারা গেছেন ৩০ ব্যক্তি। এ ছাড়া এই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ২৪০ নারী, যাদের মধ্যে ১৪৬ জনই কন্যা শিশু। পাশাপাশি উদ্বেজনক হারে বেড়েছে গণপিটুনির ঘটনা। গত তিনমাসে গণপিটুনিতে ৩১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। 

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মানবাধিকার সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে।  

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি- মার্চ মাসে কমপক্ষে ৩২৫টি ‘রাজনৈতিক সহিংসতা’র ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৪৭৫ জন। আধিপাত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়নতা, চাদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রীক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার ৩২৫টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ১৯০টি ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। আহত হয়েছেন ১ হাজার ৬৭৩ জন। বিএনপি- আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন, আহত হয়েছেন ২৭৩ জন। বিএনপি- জামায়াতের সংঘর্ষে ২ জন নিহত ও ১৪৭ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপি- এনসিপি’র মধ্যে ৫টি সংঘর্ষের ঘটনায় ৪৪ জন আহত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের অন্তর্কোন্দলে ৬টি ঘটনায় ৫ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। এসবের পাশাপাশি দুস্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর হামলার অন্তত ৩৪টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের ১২ জন, বিএনপির ১৩ জন, জামায়াতের ১ জন নারী সদস্য ও চরমপন্থীদলের ৪ জনসহ অন্তত ৩০ ব্যাক্তি নিহত হয়েছেন। 

এইচআরএসএস’র প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে বলা হয়, জানুয়ারি- থেকে মার্চ পর্যন্ত কমপক্ষে ৫১২ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৪০ জন। যাদের মধ্যে ১৪৬ জন ১৮ বছরের কম বয়সী শিশু। গণধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। এছাড়া ১৩৭ শিশু যৌন নীপিড়নের শিকার হয়েছে যাদের মধ্যে ৮১ জন শিশু। 

প্রতিবেদন অনুযায়ী গত তিনমাসে ৬৭ টি ঘটনায় ৯১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন ৫৮ জন। এছাড়া ১০টি মামলায় ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

২০২৫ এর প্রথম তিন মাসে ভারত- বাংলাদেশ সীমান্তে ১৮টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। 

গত তিন মাসে গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এইচআরএসএস বলছে, এই সময়ে ৭০টি ঘটনায় অন্তত ৩১ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। 
এইচআরএসএস’র তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে ও নির্যাতনে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বন্দুকযুদ্ধের নামে ৩ জন ও নির্যাতনে ৪ জন নিহত হয়েছেন। 

প্রতিবেদ অনুযায়ী, গত তিন মাসে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কমপক্ষে ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৪ হাজার ১৭৯ জনের নাম উল্লেখ এবং ৮ হাজার ২৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসে রাজনৈতিক মামলায় কমপক্ষে ১৪ হাজার ৩১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী অন্তত ১৪ হাজার ২৬৬ জন। এছাড়া পুলিশ গত তিনমাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর অন্তত ৪৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে ৮৬টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪৫ জন নিহত এবং ২৯৪ জন আহত হয়েছেন। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৭টি হামলার ঘটনায় ২ জন আহত ১০টি প্রতিমা ভাঙচুর ও জমি দখলের মতো ২টি ঘটনা ঘটেছে। 

এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকারের পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও নাগরিকদের সঙ্গে আলোচনা করে সার্বিক পরিস্থিতির উন্নয়ন করা জরুরি।’ তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। আর এ সকল বিষয় বাস্তবায়ন করতে না পারলে মানবাধিকার পরিস্থিতি অবনতির দিকে যাবে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত