গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর রহমান তালুকদার। তিনি বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপিকে আদালতে তোলা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ এপ্রিল রাতে দিনাজপুরে পুলিশের হাতে আটক হন গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবির। রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন বিকেলে তাকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সারোয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তান?