জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম

রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি আগামী জুনে ক্লাব ছাড়তে যাচ্ছেন এবং ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন। প্রথম ধাপে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে তিনি ব্রাজিলের কোচ হবেন বলে জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট দা অ্যাথলেটিক। 

৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন। তবে অনানুষ্ঠানিক সূত্র থেকে দা অ্যাথলেটিক জানতে পেরেছে, তিনি ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কোপা দেল রের ফাইনালের সময় রাফিনহাকে কিছু বলছিলেন কার্লো আনচেলত্তি

ধারনা করা হচ্ছে, বিগ কার্লো চলতি লা লিগা মৌসুম শেষ করবেন এবং তারপর জুনে ব্রাজিলের সাথে যোগ দেবেন। এর ফলে, তিনি এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের কোচ থাকছেন না। ক্লাব কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কারো দায়িত্ব দেবেন, নাকি নতুন কোচ নিয়োগ করবেন। ফুটবল ডিরেক্টর সান্তি সোলারি অন্তর্বর্তী কোচের দৌড়ে এগিয়ে আছেন, তবে সাবি আলোনসোও নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে।
আনচেলত্তির ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিকতা নিয়ে মাদ্রিদ কর্তৃপক্ষের সাথে আগামী কয়েক ঘণ্টা ও দিনে আলোচনা চলবে।

আনচেলত্তির ছেলে এবং সহকারী কোচ দাভিদে আনচেলত্তি নিজস্ব কোচিং ক্যারিয়ার শুরু করতে চান। তিনি কেবল তখনই বাবার সাথে ব্রাজিলে যাবেন, যদি তিনি অন্য কোথাও প্রধান কোচের ভালো কোনো অফার না পান।

"দ্য অ্যাথলেটিক" ১৯ এপ্রিল জানিয়েছিল যে, আনচেলত্তি মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন এবং ব্রাজিল জাতীয় দল তার পছন্দের এবং সবচেয়ে সম্ভাব্য পরবর্তী গন্তব্য। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) অনেকদিন ধরেই আনচেলত্তির প্রতি আগ্রহী, এবং প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেস তাকে "স্বপ্নের কোচ" বলে অভিহিত করেছিলেন।

CBF-এর প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস আনচেলত্তির সাথে সাক্ষাতের জন্য গত ১৬ এপ্রিল আর্সেনালের বিপক্ষে মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন। যদিও কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু স্বীকার করেনি, জানা গেছে, আলোচনাগুলি সম্মানের সাথেই এগোচ্ছে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচ খুঁজতে ব্যস্ত। এই মৌসুমে বায়ার লেভারকুজেনের কোচ সাবি আলোনসোর প্রতিনিধিদের সাথে মাদ্রিদের আলোচনা হয়েছে এবং গ্রীষ্মে তাকে কোচ হিসেবে দেখা যেতে পারে।

চলতি মৌসুমে আনচেলত্তিকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে লা লিগা শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে পরাজিত হওয়া, কপা দেল রে-র ফাইনালে বার্সেলোনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হার, এবং সুপারকোপা দে এস্পানার ফাইনালে হান্সি ফ্লিকের দলের কাছে হেরে যাওয়া—সব মিলিয়ে সময়টি ছিল কঠিন।

গত জানুয়ারিতে আনচেলত্তি বলেছিলেন, "আমার বিদায়ের তারিখ আমি নির্ধারণ করবো না, ক্লাবই তা ঠিক করবে।" তিনি আরও ইঙ্গিত করেছিলেন, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাথে ২০২৯ পর্যন্ত থাকতে চান।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০২১ সালে দ্বিতীয় দফায় মাদ্রিদে দায়িত্ব পালনকালে আনচেলত্তি দুইটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। তিনি ইতিহাসে একমাত্র কোচ যিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন, সর্বশেষবার জিতেছে ২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত