বাসার সামনে পড়েছিল পুলিশ সদস্যের লাশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

রাজধানীর দয়াগঞ্জ থেকে হুমায়ুন কবির (৪০) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশ কনস্টেবল। ঢাকা মেট্রোপলিটনের গাড়ি চালক ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে দয়াগঞ্জ বটতলা এলাকায় তার ভাড়া বাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের মরদেহ বাসার সামনে খাটিয়ার ওপর ছিল। তার গলায় দাগ রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, হুমায়ুন কবির মেট্রোপলিটন পুলিশের এমটি সেকশনের গাড়ি চালক পদে কর্মরত ছিলেন। দয়াগঞ্জের স্ত্রী ছালমা আক্তার ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার বিস্তারিত জানতে হুমায়ুন কবিরের স্ত্রী ছালমাকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত হুমায়ুনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার বাবর নাম মৃত সিরাজ হাওলাদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত