ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন হামলায় ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। রোববার রাতে দেশটির সাদাহ শহরে শত শত আফ্রিকান অভিবাসী থাকা একটি আশ্রয়কেন্দ্রে এ বিমান হামলা চালানো হয়।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, আশ্রয়কেন্দ্রটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং রেডক্রসের তত্ত্বাবধানে ছিল। এটিকে লক্ষ্যবস্তু করা ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’-এর শামিল।
বিমান হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করা না গেলেও জাতিসংঘের সংস্থা আইওএম জানিয়েছে, অনেক অভিবাসী নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে প্রাণহানির ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
হুতিদের আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘সাদাহ শহরে অবৈধ অভিবাসীদের একটি কেন্দ্রে মার্কিন হামলায় ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত ও ৪৭ জন আহত হয়েছে।’
হুতি প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল-মাসিরাহ এক বিবৃতিতে জানিয়েছে, ওই কেন্দ্রে ১১৫ জন অভিবাসী ছিলেন, যাদের সবাই আফ্রিকার।
লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজের জন্য হুমকি দূর করতে যুক্তরাষ্ট্র ১৫ মার্চ থেকে হুথিদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। রোববার যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে তারা ইয়েমেনে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে গোষ্ঠীটির নেতাদের সদস্যসহ শত শত হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
