রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্ল্যাসিকোতে বিতর্ক হওয়াটাই খুব স্বাভাবিক। মুহূর্তের উত্তেজনায় খেলোয়াড় থেকে শুরু করে কোচেরাও কথা কাটাকাটি এমনকী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। গত শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে বরফের টুকরো ছুড়ে মেরে এবার নিষেধাজ্ঞার সাজা পেলেন আন্তনিও রুডিগার।
ম্যাচে রেফারিদের প্রতি ‘হালকা সহিংসতা’ হিসেবে বিবেচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই ডিফেন্ডারকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। অবশ্য গতকাল মঙ্গলবার তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই রুডিগারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ফলে, এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তার নিষেধাজ্ঞার সময়ও পার হয়ে যাবে।
উল্লেখ্য, লা কারতুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১২৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটা ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার দিকে তেড়ে যাচ্ছিলেন রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার। স্প্যানিশ মিডিয়ার দাবি, সেই সময় রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারা হয়। আর সেই বস্তুটা ছিল খেলোয়াড়দের জন্য আইসবক্সে রাখা বরফ। আর সেই বরফ নাকি ছুড়ে মেরেছিলেন স্বয়ং রুডিগার!
বরফ কাণ্ডের পর ডাগ-আউট থেকে রুডিগার মাঠের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করলে অন্তত পাঁচজন মিলে ধস্তাধস্তি করে তাকে আটকান। বাজে আচরণের জন্য রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি। এরপরও রুডিগারের রাগ কমেনি। তিনি আরও উত্তেজিত হয়ে রেফারিকে কিছু বলতে থাকেন। শেষ পর্যন্ত রিয়ালের গোলকিপিং কোচ লুইস ইয়োপিস ও গোলকিপার আন্দ্রেই লুনিন তাকে মাঠের বাইরে নিয়ে যান।
রিংকু সিংকে কুলদীপের চড়; আসলে কী হয়েছিল?
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ; দেখে নিন সূচি
আনচেলত্তি নাকি ব্রাজিল ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন?