ঝিনাইদহের মহেশপুর পিপুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রিয়াজের চাচাতো ভাই সুমন দাবি জানান, বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তে খালের ধারে মাঠের ধানের জমিতে যায়। সে সময় বিএসএফ’র তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে রিয়াজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাতে যশোর হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। তার অবস্থা আরও অবনতি হলে চিকিৎসক পরে তাকে ঢাকায় রেফার্ড করে।
রিয়াজের স্বজনেরা জানান, শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
ঝিনাইদহ মহেশপুর (খালিশপুর ৫৮) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, গুলিবিদ্ধ হয়েছে এমন কোন খবর আমাদের কাছে নেই।
ভারত-পাকিস্তান বৈরিতায় হ*স্ত*ক্ষে*প যুক্তরাষ্ট ও জাতিসংঘ
সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া 