রিয়াল মাদ্রিদের ডাগআউটে তাকে আর কতদিন দেখা যাবে? সেই প্রশ্নে ইদানিং বেশি সরব হচ্ছেন সাংবাদিকেরা। তবে কার্লো আনচেলত্তি এবারও তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে নারাজ। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘২৫ মের আগে আমি এই বিষয়ে কিছু বলব না।’ সেদিনই শেষ হবে লা লিগার চলতি মৌসুম।
রবিবার সেল্টা ভিগোর বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমার মনোযোগ এখন ম্যাচে। বর্তমান সময়টাই আসল, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই।’ কিন্তু প্রশ্ন তো থাকবেই। ভবিষ্যতের প্রসঙ্গ বারবার উঠতেই তিনি যুক্ত করলেন, ‘আমি ক্লাব, খেলোয়াড় আর সমর্থকদের প্রতি গভীর ভালোবাসা রাখি।’
নিজের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন করায় কিছুটা বিরক্তই মনে হলো এই ইতালিয়ানকে। বললেন, ‘আমি বুঝি তোমরা কী জানতে চাও। কিন্তু এটি কেবল যোগাযোগের অভাব। আমি জানি কী করছি, কী করব। তোমরা হতাশ হও, কিন্তু আমি পাত্তা দিই না।’
তবে বিদায়ের কল্পনা করতে বলা হলে রোমাঞ্চ ছুঁয়ে গেল আনচেলত্তির কণ্ঠে। বললেন, ‘রিয়াল ছাড়ার দিনটা দুর্দান্ত হবে। ছয় বছরে কারও সঙ্গে ঝগড়া করিনি। শেষ দিনেও করব না। সেটা ২৫ মে হতে পারে, ২০২৬-এ, কিংবা ২০৩০—জানি না কবে।’
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে বিদায় আর কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হার—দুটি শিরোপাই হাতছাড়া হয়ে গেছে। এখন রিয়াল মাদ্রিদের সামনে একটাই বড় লক্ষ্য—লা লিগা শিরোপা পুনরুদ্ধার।
বর্তমানে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। বাকি ৫ ম্যাচে নাটকীয়তা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেননি কোচ। তার আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘অনেক ইনজুরি, অনেক বাধা সত্ত্বেও আমি বিশ্বাস করি, আমরা লিগ জিততে পারি। প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
আনচেলত্তির নাম নিয়ে আলোচনা হচ্ছে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে। তবে তা নিয়েও রাখলেন নীরবতা। জানালেন শুধু, ‘এই মৌসুমটা অন্যগুলোর চেয়ে বেশি জটিল, কারণ আগেরটা প্রায় নিখুঁত ছিল।’
শেষ পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞা, ‘আরও পাঁচটা ম্যাচ বাকি। কিছুই অসম্ভব নয়। আমরা সব ম্যাচ জিততে চাই। হার মানব না।’
বার্সেলোনায় অভিষেকের অপেক্ষায় আরেক বিস্ময়বালক দানি রদ্রিগেজ
নেশাজাতীয় মাদক গ্রহণ, সাময়িক নিষিদ্ধ রাবাদা