লিটন দাসের নেতৃত্বের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০২১ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সবশেষ গত বছরের শেষে উইন্ডিজের বিপক্ষে পুরো সিরিজে অধিনায়ক ছিলেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি পেলেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বাংলাদেশ পুরো অধিনায়কের দায়িত্ব। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বিসিবি।
লিটনের সঙ্গে শেখ মেহেদী হাসানকে সহ-অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তানে ৭ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৬ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মেহেদীকে সহ–অধিনায়ক করা নিয়ে জানতে চাইলে ফাহিম বলেন, ‘শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেব আমরা।’
টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। দলে টিকে গেছেন শামীম হোসেন পাটোয়ারি। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি অলরাউন্ডার আফিফ হোসেনেরও। ক্যারিবীয় সফরে ছিলেন না পেসার মোস্তাফিজুর রহমানও। তিনিও আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে ফিরেছেন। সামনেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে।
পাকিস্তান যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে সিরিজটি। দুটি ম্যাচই হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচগুলো।
এরপর ২৫ মে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মে। এই দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে, ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।
সিরিজের জন্য বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, ও শরিফুল ইসলাম।
পকেটে মোবাইল ফোন নিয়েই নেমে পড়লেন ব্যাটিংয়ে!
এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান –আশঙ্কা গাভাস্কারের