সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত 

আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:১৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মওলানা মো. আব্দুস সামাদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ চাটমোহর উপজেলার চর নবীন দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার মওলানা ও আহত ব্যক্তি একই মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মওলানা মো. হাদিসুর রহমান। নিহত ও আহত দুজন শিক্ষকের বাড়ি চাটমোহর ইউনিয়নের হরিপুর গ্রামে। 

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মী বখতিয়ার মাহবুব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকেই পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ দুই শিক্ষক মোটরসাইকেলযোগে চাটমোহর থেকে শাহজাদপুরে আত্মীয়র বাড়ি দাওয়াত খেতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পোতাজিয়া গ্রামে অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সারমিন আলম জানান, নিহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুর রউফ জানান, এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আহত ব্যক্তির সঙ্গে কথা বলতে থানার একজন এসআইকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত