ফিলিস্তিনের গাজায় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান জোরদারের পক্ষে সমর্থন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনাটি ধীরে ধীরে চলছে এবং কয়েক মাস সময় লাগবে। খবর রয়টার্স
তবে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই অঞ্চল সফরের আগ পর্যন্ত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির আলোচনার দরজা খোলা রাখতে পারে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেইভ এলকিন। এলকিন সোমবার কানকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষ না করা পর্যন্ত এখনো সুযোগ আছে, যদি হামাস বুঝতে পারে যে আমরা সিরিয়াস।’
দুই ইসরায়েলি কর্মকর্তা কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসিকে বলেছেন, এই পদক্ষেপটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অভিযান ব্যাপকভাবে প্রসারিত হবে।
ইসরায়েলি সেনাপ্রধান কয়েক হাজার রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের মন্ত্রীরা এই পরিকল্পনা অনুমোদন করেন।
কর্মকর্তারা বলছেন, নতুন পরিকল্পনাটি হামাসকে পরাজিত করা, এর ফলে হাজার হাজার ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ঠেলে দেবে। সম্ভবত ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে।
এদিকে দুই মাস ধরে যুদ্ধ বন্ধ থাকার পর গত মার্চে ফের আগ্রাসন চালিয়ে গাজার এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ওই অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে। তারা বিশাল এলাকা দখল করে নিয়েছে এবং এখন গাজার প্রায় ৫০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
এলকিন বলেন, ইসরায়েলি বাহিনী এখন তাদের দখল করা অঞ্চলগুলো ধরে রাখবে, যতক্ষণ না হামাস পরাজিত হয় বা নিরস্ত্র হয়ে গাজা ছেড়ে চলে যেতে সম্মত হয়।
