অস্ত্রোপচার লাগবে না, তাসকিন ফিরবেন জুনের শুরুতে

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:১০ পিএম

সুখবর পেলেন তাসকিন আহমেদ। গোঁড়ালির চোটের কারণে এখনই ছুরি-কাচির নিচে শুতে হচ্ছে না দেশের এ তারকা পেসারকে। ইংল্যান্ডের মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী এখন অস্ত্রোপচার ছাড়াই তাসকিনের চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত। সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তাসকিন আহমেদের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। অ্যাকিলিস টেন্ডনের এই ইস্যুর সমাধানে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি। সেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তাসকিন। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী। এই সফরে তাসকিন একজন অ্যাঙ্কল সার্জন, একজন স্পোর্টস ফিজিশিয়ান এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করেন। তাদের পরামর্শের প্রেক্ষিতে মঙ্গলবার তাসকিনের শারীরিক অবস্থার বিস্তারিত জানায় বিসিবি।

বিসিবির পাঠানো বিবৃতিতে ডা. দেবাশীষ বলেন, 'বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে তাসকিনের জন্য রক্ষণশীল, অর্থাৎ অস্ত্রোপচারবিহীন চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি। পুনর্বাসন প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণে থাকে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী।' তাসকিনের চোটের সার্বিক অবস্থা দেখভালের দায়িত্ব নিয়েছে বিসিবি। যা বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। দেবাশীষ জানিয়েছেন দ্রুতই তাসকিনের উন্নতির ব্যাপারে তারা আশাবাদী।

জুন-জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন বাংলাদেশের এই তারকা পেসার। এর আগেই তার পুনর্বাসন শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দেবশীষ। তিনি বলেন, 'তাসকিনের পুনর্বাসন সফলভাবে সম্পন্ন হলে, জুনের শুরুতে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা যায়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত