ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির আজ বুধবার ভারতে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর: বিবিসি
এর আগে, চলতি সপ্তাহেই পাকিস্তানের ইসলামাবাদ সফর করেন আরাঘচি। সেখানে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল সাইয়্যেদ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।
তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ওইসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত সহযোগিতা এবং যৌথ সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানে মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ভারতীয় বাহিনীর। তারা আরও জানায়, পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো আক্রমণ চালানো হয়নি এবং হামলাগুলো ছিল “কেন্দ্রীভূত ও পরিমাপিত”।
অন্যদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের এই হামলা ছিল ‘কাপুরুষোচিত’। তিনি বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে রাতের আঁধারে হামলা চালানো হয়েছে।
ভারত-পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নিরসনে তারা প্রয়োজনে আলোচনার মাধ্যমে সহায়তা করতে প্রস্তুত।
মাঝপথে ঘুরে গেল বাংলাদেশগামী ২ ফ্লাইট