কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ 

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:৪৩ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ মে) দুপুরে স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল তথ্যটি নিশ্চিত করেছেন।

শীব নারায়ন শীল বলেন, বুধবার (৭ মে) সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে। বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। এরমধ্যে ৯জন পুরুষ, ৩জন নারী ও ৩জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

তিনি আরও বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেইট খুলে ‘পুশ ইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তা তারা বলতে পারেননি।’

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া বলেন, ‘আটকরা সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত