ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আপডেট : ০৮ মে ২০২৫, ০২:২৬ পিএম

ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভারত গতরাতে অন্তত নয়টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘উচ্চ সতর্ক’ থাকায় এখন ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেগুলো সংগ্রহ করা হচ্ছে।’
 

আইএসপিআর মুখপাত্র বলেন, ‘ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।’
 
ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
 

আইএসপিআরের মুখপাত্রের মতে, সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
 
ভারতকে হুঁশিয়ারি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় ড্রোন পাঠানো অব্যাহত রয়েছে। ভারতকে এই নগ্ন আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।’
 
এদিকে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ভারতীয় হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত