পাকিস্তানের ‘শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে’, দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:২৭ পিএম

পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে বিরোধী দলের নেতাদের জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে তিনি এই বক্তব্য তুলে ধরেন। বার্তা সংস্থা পিটিআই ও ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো বৈঠকে উপস্থিত সূত্রগুলোকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে আরও জানানো হয়, তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।

অপারেশন সিন্দুরকে একটি ‘চলমান অভিযান’ বলে বর্ণনা করে বৈঠকে রাজনাথ সিং আরও জানান, ভারত এখন আর নতুন করে কোনও হামলা চালাতে চায় না– কিন্তু পাকিস্তানি সেনা ভারতে আঘাত হানলে অবশ্যই তার জবাব দেওয়া হবে।

বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, সরকার যা বলেছেন তা আমরা শুনলাম। তারা এমন কিছু তথ্যও দিয়েছেন যেগুলো গোপনীয় রাখতে হবে। বিরোধীরা জানিয়েছেন আমরা সবাই সরকারের পাশে আছি।

সর্বদলীয় বৈঠক খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, এ কথা জানিয়ে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবাদমাধ্যমকে বলেন, বৈঠকে উপস্থিত সবাই পরিণতিবোধ দেখিয়েছেন, কেউ কোনো দোষারোপের রাস্তায় যাননি।

ভারতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সামরিক অভিযানের বিষয়ে একটি সার্বিক ঐকমত্য গড়ে তুলতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে সরকার জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত