বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৮ মে ) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষকরা।
বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয় ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক উন্মেষ রয়, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিকসহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের সকল দাবির প্রতি সংহতি প্রকাশ করে অধ্যাপক মুহসিন উদ্দিন বলেন, ‘একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা থেকে আমাকে বেআইনিভাবে ও সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ প্রশাসনিক স্বেচ্ছাচার ও দমননীতির স্পষ্ট প্রমাণ।’
এ সময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নামে যে মামলা দেয়া হয়েছে তার সাথে আমি একমত না । আমি তখন প্রক্টর ছিলাম কিন্তু মামলার বিষয়ে আমি কিছুই জানতাম না।’
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আগামীকাল গুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে। উপাচার্যকে কোনভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না।
