দাবি ভারতীয় সেনাবাহিনীর

ভারতের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান

আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:১৫ এএম

ভারতের সেনাবাহিনী দাবি করছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের এই অভিযোগ নাকচ করে বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়।

ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ওইসব হামলার ফলে তাদের কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এইসব হামলা রুখে দেওয়া গেছে। কোনও জান মালের ক্ষতি হয়নি।

ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউট

চন্ডীগড় শহরের প্রশাসন বলছে, বিমান হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজানো হচ্ছে এবং দ্রুত ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাক আউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে।

যদিও জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল। জম্মু শহরের এক বাসিন্দা জানিয়েছেন, বিমানবন্দরের কাছে তিনি নিজে ১৬টি বস্তুকে অবতরণ করতে দেখেছেন।

পুরো জম্মু শহর এখন অন্ধকার, দোকান বাজার বন্ধ। হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজা শুরু হতেই মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন। এখন সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলো 'লয়েটারিং মিউনিশন', অর্থাৎ এই ড্রোনগুলিতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত