ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেল পথের শহীদ নগর এলাকায় রেললাইন ভাঙা থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। শুক্রবার (৯ মে) সকালে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন যাত্রা বিঘ্নিত হয়। খবর পেয়ে সংশ্লিষ্টরা এসে ভাঙা লাইন মেরামত করলে প্রায় পৌনে এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী শহীদ নগর এলাকার ৩৪৭ এর ৩/২ কিমি পয়েন্টে স্থানীয় লোকজন রেল লাইনে ভাঙা দেখতে পান। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন মশাখালী স্টেশন অতিক্রম করছিল। এ অবস্থায় লোকজন অগ্রসর হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেললাইন মেরামত করলে আটকে থাকা কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
গফরগাঁও রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল শহীদ নগরে গত ৩-৪ মাসে তিনবার লাইন ভেঙেছে। এই রেল পথের লাইনগুলো বহু বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন জোড়াতালি দিয়ে চলছে। তবে আমরা খুব সতর্ক থাকি যাতে বড় দুর্ঘটনা না ঘটে।
