দীর্ঘদিন ইনজুরিতে বাইরে কাটিয়ে মাঠে ফিরছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান ফরোয়ার্ডকে নিয়ে দারুণ আশাবাদী ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। জানিয়েছেন, হালান্ড পুরোপুরি ফিট, এবং মাঠে নামার জন্য তৈরি।
গত মার্চে এফএ কাপের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন হালান্ড। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে ফিট হয়ে গেছেন সময়মতো, কারণ চলতি মাসের শেষদিকে ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপ ফাইনাল খেলবে সিটি।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে হলান্ড ছিলেন বেঞ্চে। তবে মাঠে নামেননি। আগামী শনিবার (বাংলাদেশ সময় রাত ৮টায়) সাউদ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে গার্দিওলা বলেন, 'সে তৈরি, সে ফিট। তবে তাকে শুরুর একাদশে নামাব কি না, সেটা কাল দেখা যাবে।'
এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে হলে থাকতে হবে শীর্ষ পাঁচে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নটিংহ্যাম ফরেস্ট রয়েছে তিন পয়েন্ট পেছনে।
একটি সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন হালান্ডও। তার মতে, দল যতটা খারাপ করেছে, ততটাই খারাপ করেছেন তিনিও। তার কথায়, 'চোট, দুর্ভাগ্য—বলা যায়। কিন্তু আসলে আমাদের ভেতরের ক্ষুধাটা কমে গেছে। আমি ভালো খেলিনি। দলকে যথেষ্ট সাহায্য করতে পারিনি। এই মৌসুমে আমরা ভালো ছিলাম না।'
হালান্ডের এমন বক্তব্যে গার্দিওলার প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত, 'এটা যদি হলান্ডের অনুভব হয়ে থাকে, তাহলে খেলোয়াড়দের নিজেদের মধ্যেই কথা বলা উচিত, কেন এমন হলো, তা নিয়ে।'
এ মৌসুমে হালান্ড এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে গোল করেছেন ২৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩০। তবে গত দুই মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতা হলেও এবার মোহাম্মদ সালাহর চেয়ে পিছিয়ে রয়েছেন ৭ গোলে। মৌসুম শেষ হতে বাকি মাত্র তিনটি ম্যাচ।
পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এটি মাত্র চতুর্থবার, যেখানে তিনি লিগ চ্যাম্পিয়ন হতে পারছেন না। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানসিটি—সব জায়গাতেই নিয়মিত সাফল্যের স্বাদ পাওয়া এই স্প্যানিয়ার্ড জানালেন, 'এই মৌসুম আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মৌসুম। যখন আপনি জিততে পারেন না, তখন আবেগ সামলানো কঠিন হয়ে পড়ে।'
'মানুষ টিকিট কেটে খেলা দেখতে আসে, আমাদের প্রমাণ দিতে হয় আমরা যোগ্য। আমি হতাশ হই যখন ভালো খেলাতে পারি না। যখন অবসর নেব, তখন হয়তো ভাবব কেমন ছিলাম। কিন্তু এখন আমার পরবর্তী ম্যাচ—এটাই সবকিছু।'
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র এক জয় পেয়েছিল ম্যানসিটি। এর মধ্যে নয়বার হেরেছে তারা। তবে মৌসুমের শেষভাগে এফএ কাপ জিততে পারলে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো সম্ভব হবে সিটির জন্য। তার আগে অবশ্য লিগে ভালোভাবে শেষ করাটাই প্রথম লক্ষ্য।
গার্দিওলা বলেন, 'আমরা জিততে পারিনি, মানে এই নয় যে আমরা চেষ্টাও করিনি। আমাদের মান অনেক উঁচুতে ছিল, সেখান থেকে হয়তো একটু নিচে নেমেছি। কিন্তু আমরা হার মানিনি। আমি, আমার খেলোয়াড়রা—সবাই লড়ে গেছি। এটাই গুরুত্বপূর্ণ।'
চূড়ান্ত মুহূর্তে এসে সিটির সামনে লিগে শীর্ষ পাঁচে শেষ করা এবং এফএ কাপ জয়—এই দুটি লক্ষ্যই এখন সবচেয়ে বড়। আর সেই লক্ষ্য পূরণে মাঠে নামছেন দলের গোলমেশিন আর্লিং হালান্ড।
ক্লিনশিটে রোমেরোর রেকর্ড নিজের করতে চান 'বাজপাখী' মার্তিনেজ
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি, আসছেন আলোনসো