রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:৩৮ পিএম

কক্সবাজারের রামুতে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান অভি (২৫) চাঁদপুর জেলার বাসিন্দা। বাবার চাকরি সূত্রে তিনি উপজেলার কুতুপালং এলাকায় বসবাস করতেন।

তবে হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে তথ্য দিলেও আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

স্থানীয়দের বরাতে ওসি ইমন বলেন, বিকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারঅ পালিয়ে যায়।

রামু থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।  নিহতের লাশ হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত