তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কোর্টে ফিরলেন ইয়ানিক সিনার, আর ফিরে এসেই মাতিয়ে দিলেন ঘরের মাঠ। ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর টেনিস তারকা। আর্জেন্টিনার মারিয়ানো নাভোনেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রমাণ করলেন, ‘সিনার’ ফিরেছেন পুরনো ছন্দেই।
কোর্টে নামার আগেই সিনারকে ঘিরে ছিল উৎসবের আবহ। ফোরো ইটালিকোর প্রধান কোর্টের বাইরে কয়েক হাজার সমর্থক জড়ো হন ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেই। কারো গায়ে লেখা, ‘লর্ড ফরগিভ মি, দ্য সিনার ইজ ব্যাক’, কারো মাথায় কমলা পরচুলা। কল্পনাপ্রসূত ধর্মীয় ব্যঙ্গচিত্রও শোভা পাচ্ছিল টি-শার্টে। রোম যেন এক উৎসবমুখর জনসমুদ্র। ম্যাচ শেষে সিনার বলেন, ‘আজ নিজেকে কোর্টে বেশ ভালো লেগেছে। এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে, কিন্তু শুরুটা দারুণ হয়েছে।’
প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পর এটাই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। গত বছর এপ্রিল মাসে নিষিদ্ধ ওষুধ ক্লোস্টেবলে পজিটিভ ধরা পড়লে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) আপিল করে এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞার দাবি তোলে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, এবং সিনার তিন মাসের জন্য নির্বাসিত থাকেন।
রোমে ফেরার পর থেকেই তাকে ঘিরে চূড়ান্ত উন্মাদনা। দর্শকদের ভালোবাসা যেন ছুঁয়ে গেছে সিনারকে। তিনি বলেন, ‘ফলাফল যতটা না গুরুত্বপূর্ণ, এই ভালোবাসাটাই বড়।’
ম্যাচে কিছুটা অগোছালো শট থাকলেও সিনারের চেনা ব্যাকহ্যান্ড ও শক্তিশালী সার্ভিসই পার্থক্য গড়ে দেয়। প্রথম সেটে ১-১ গেমে দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটেও এগিয়ে ছিলেন, মাঝপথে একটা ব্রেক হাতছাড়া হলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর সুযোগ দেননি।
ম্যাচ শেষে ‘ইল মায়েস্ত্রো’ ডাক শুনে কোর্ট ছেড়েছেন রোমের এই প্রিয় সন্তান। এখন তার পরবর্তী প্রতিপক্ষ ডাচ লাকি লুজার জেসপার ডি ইয়ং। সিনার বলেন, ‘এই টুর্নামেন্টে আরও কিছু ম্যাচ খেলতে চাই। সেটা আমার জন্য মূল লক্ষ্য। বাকিটা তো বাড়তি পাওয়া।’
এদিকে নারী এককে শিরোপাধারী ইগা শিয়োনতেক হোঁচট খেয়েছেন। তৃতীয় রাউন্ডে আমেরিকান ড্যানিয়েল কলিন্সের কাছে ৬-১, ৭-৫ গেমে হেরে বিদায় নেন তিনি। ব্রিটিশ তারকা জ্যাকব ফার্নলিও হেরে গেছেন ইতালির মাত্তেও বেরেত্তিনির কাছে, স্কোরলাইন ৬-৪, ৭-৬ (৭-০)।
তবে দিন শেষে আলোচনার কেন্দ্রে একটাই নাম— ইয়ানিক সিনার। ফিরেই রোমকে আবারও নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন ইতালির টেনিস সম্রাট।
মুলারের বিদায় আর কেইনের ‘প্রথম’, মাথায় শ্যাম্পেইন ঢেলে উদযাপন
লারার মতে, ‘টেস্ট ক্রিকেটের প্রয়োজন কোহলিকে’