গোয়ালঘর ভেঙে কৃষকের তিনটি ষাঁড় চুরি

আপডেট : ১২ মে ২০২৫, ১২:৪০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়ালঘরে হানা দিয়ে কৃষকের তিনটি ষাঁড় চুরি করে নিয়ে গেছে চোরেরা। রবিবার (১১ মে) রাত ২টা থেকে ভোরের কোনো এক সময়ে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চুরি হওয়া ষাঁড়গুলোর মালিক কৃষক সোলায়মান মিয়া জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে তিনি দীর্ঘদিন ধরে তিনটি ষাঁড় লালন-পালন করছিলেন। এছাড়া একটি বকনা বাছুরও তাঁর গোয়ালে ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুগুলো রেখে ঘুমাতে যান। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন, বকনা বাছুরটি গোয়ালে থাকলেও তিনটি ষাঁড় গরুর কোনোটিই আর সেখানে নেই।

চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা হবে বলে জানান তিনি।

ঘটনার পর রাত ৮টার দিকে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক সোলায়মান মিয়া। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামে এমন চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত