অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান ও স্থল হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি। এর মধ্যে শুধু উত্তর গাজায় মধ্যরাতের পর চালানো হামলায় নিহত হয়েছেন ৫১ জন, আর দক্ষিণ গাজার দুটি হাসপাতালে বোমা বর্ষণে প্রাণ গেছে আরও ৩০ জনের।
আজ বুধবার এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে তারা জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন করে চালানো হামলায় উত্তর গাজায় কমপক্ষে ৪৫ জন নিহত হন। একই দিন দক্ষিণ গাজার ইউরোপিয়ান ও নাসের হাসপাতালে চালানো বোমা হামলায় প্রাণ হারান অন্তত ৩০ জন, যাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে আসা একজন সাংবাদিকও ছিলেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো নির্বিচার আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন।
দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। ওই চুক্তির ফলে প্রায় দুই মাস কিছুটা স্থিতিশীলতা ফিরেছিল অবরুদ্ধ অঞ্চলে। কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে ফের হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৭৮০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ৭ হাজার ৭০০ জন। এই হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত ভেঙে দিয়েছে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তি।
জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুহীন হয়ে পড়েছেন। ধ্বংস হয়েছে অধিকাংশ অবকাঠামো।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখিও হয়েছে ইসরায়েল।
সরকারপ্রধান হিসেবে আজ প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যা থাকছে কর্মসূচিতে
বিবিএসের ডেটা মান উন্নয়নে টাস্কফোর্স পরামর্শ সভা করবে