ময়মনসিংহে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:৪১ পিএম

ময়মনসিংহ নগরীতে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে প্রায় তিন শতাধিক দোকানপাট ভেঙ্গে দেওয়া হয়েছে। এসব দোকানে বেআইনিভাবে রেলের জায়গায় স্থাপন করা হয়েছিল।

বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে নগরীর সানকিপাড়া বাজারের রেলওয়ের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে রেলওয়ে বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন ও যৌথ বাহিনী অভিযানে উপস্থিত ছিলেন। 

অভিযানের আগে মাইকিং করে দোকানদারদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। 

রেল বিভাগের কর্মকর্তারা জানান, রেলওয়ের জায়গা রক্ষা করা এবং এখানে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করার জন্যই এমন অভিযান। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. শফিকুল ইসলাম এবং রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদ। 

রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তারা সিদ্ধান্ত নিবেন এসব জায়গা আবার ব্যবসায়ীদের লিজ দেওয়া যায় কিনা।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদ বলেন, রেলের জায়গা বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীরা যুগ যুগ ধরে দখলে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ নিয়ে এই জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। জায়গাটি খালি করার পর সেটি ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া যায় কিনা, সে বিষয় পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত