সিলেটে খালেদের ৪ শিকার, এনামুলের ৩

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:১০ পিএম

সিলেটের নয়নাভিরাম প্রকৃতি আজ ছিল গোমরামুখে। সকালের বৃষ্টির কারণে তিন ঘণ্টা দেরিতে শুরু হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা। আর শেষ বেলায় আলোকস্বল্পতার কারণে আগেভাগেই থামিয়ে দিতে হয় ম্যাচ। ৬৪ ওভার স্থায়ী হওয়া প্রথম দিনে চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। ৮ উইকেটে হারিয়ে বোর্ডে ২২৬ রান জড়ো করতে পেরেছেন কিউই ক্রিকেটাররা।

কিউইদের এই রান তোলা সম্ভব হয়েছে সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সক্রফটের ৯৮ রানের জুটির কল্যাণে। তার আগে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন পেসাররা। বিশেষ করে গত এনসিএলের সর্বাধিক ৩৬ উইকেট শিকারী মোহাম্মদ এনামুল হক। ৯ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। সৈয়দ খালেদ আহমেদ শিকার ধরেন ৪টি। বাকি উইকেটটি পেয়েছেন এবাদত হোসেন।

কিউই ‘এ’ দলের অধিনায়ক জো কার্টারকে ফিরিয়ে শুরু করেন খালেদ। রিস মারিউ ও মোহাম্মদ আব্বাসের উইকেট তুলে নেন এনামুল। এর পর নিক কেলিকে ফেরান এবাদত হোসেন। নিজের দ্বিতীয় শিকার হিসেবে ম্যাথিউ বয়েলকে থামান খালেদ। জশ ক্লার্কসনের উইকেট নেন এনামুল। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের হাল ধরেন হে-ফক্সক্রফট জুটি।

৫৬ বলে ৪৭ রানে থাকাবস্থায় খালেদের শিকার বনে ফেরেন ফক্সক্রফট। এর পর আদিত্য অশোককেও সাজঘরের পথ ধরান তিনি। দিনশেষে হে অপরাজিত আছেন ৬৮ রানে। ১০৬ বলে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১২ রানে অপরাজিত আছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত