'যে কোন কিছুই হতে পারে' আশা ছাড়ছেন না আনচেলত্তি

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০৮ পিএম

এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়ের পর শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে কাতালান ক্লাবটি। আজ রাতে বার্সেলোনার খেলা এস্পানিওলের মাঠে। ম্যাচটি লিগ জিতলেই  শিরোপা নিশ্চিত হবে বার্সার। তবে হারলে বা ড্র করলে অপেক্ষা আরও বাড়বে।

বুধবার রাতেই শিরোপা জয় থেকে বার্সেলোনার দূরত্ব ছিল ৪০ সেকেন্ডের মতো। তবে শেষ মুহূর্তে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বিদের অপেক্ষাটা বাড়িয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮, ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট বার্সার।

মার্য়োকর রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন হাকোবো রামন। রিয়ালের সেরা একাদশে এ দিনই প্রথম নেমেছিলেন ২০ বছর বয়সী এই ডিফেন্ডার। তাতে ২-১ গোলে ম্যাচ জেতে রিয়াল।

ম্যাচটি জিততে পেরে খুশি আনচেলত্তি। বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে বললেন, যে কোন কিছুই হতে পারে। '১২ জন ফুটবলার চোটের কারণে বাইরে থাকার পরও আমরা হাল ছাড়িনি। এরকম জয় খুবই বিরল। ম্যাচটি আমরা জিততে পেরেছি দলের মানসিকতার কারণে। আমরা আস্থা রাখি নিজেদের কাজে। বাকি যা আছে, জিততে চাই এবং দেখতে চাই কী হয়…। বার্সাকে অবশ্যই হারতে হবে…তবে যে কোনো কিছুই তো হতে পারে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত