জবি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের পাশে থাকার ঘোষণা

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:১৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের উদাসীনতা ও অবহেলা চরমভাবে প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, ‘গতকাল বুধবার শিক্ষার্থীদের ওপর হামলার পর সরকারের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ছাত্র-ছাত্রীরা আন্দোলন থেকে সরে আসবে না এবং আমরা তাদের সঙ্গে থাকব।’ পাশাপাশি তিনি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বুধবার রাতভর যমুনার সামনে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার পর তাদের সংখ্যাও বাড়তে থাকে। এ সময় শিক্ষকরা আসতে শুরু করেন এবং আন্দোলনকে সমর্থন জানিয়ে জানান, তারা ছাত্রদের সঙ্গে রাজপথেই থাকবেন।

অপর দিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’, ‘বৈষম্যের গদিতে, আগুন জ্বালো এক সাথে’, ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘জবিয়ানের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘নির্ভীক জবিয়ান, বিপ্লবে জবিয়ান’ এর মতো স্লোগান দিতে থাকে।

এই কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত