বগুড়া

খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:১৮ পিএম

বগুড়ার শিবগঞ্জে দুই শিশুকে নুডুলস কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আছামদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার রাতে এক শিশুর মা বাদী হয়ে বৃদ্ধ আছামদ্দিনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

এর আগে গত শুক্রবার (১৬ মে) সকালে ঘটনাটি জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামে ঘটে। গনেশপুর গ্রামের ওই দুই শিশু একজনের বয়স ৭ ও অপরজনের বয়স ৫ বছর, তারা সম্পর্কে মামাতো বোন। অভিযুক্ত আছামদ্দিন একই গ্রামের মৃত মালি আকবর হোসেনের ছেলে।

রবিবার বিকালে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে তারা বাড়ির পাশে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় একই গ্রামের আছামদ্দিন নুডলস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাদের পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। সেখানেই তিনি দুই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। তখন আছামদ্দিন কৌশলে পালিয়ে যায়।

শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে শিবগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এর আগেও আছামদ্দিনের বিরুদ্ধে এমন ঘটনায় দু’বার গ্রাম্য সালিশ হয়েছে। কিন্তু কেউ ভয়ে থানায় অভিযোগ না করায় তার সাহস বেড়ে যায় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। দুই শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত আছামদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত