শনিবার ফুটবল দুনিয়া কেঁপে উঠল এক বিস্ময়কর খবরের ধাক্কায়—স্পেনের খ্যাতনামা পত্রিকা মার্কার–র সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াস দাবি করেন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গন্তব্য হতে পারে ব্রাজিল! বর্তমান ক্লাব আল-নাসরে তার ভবিষ্যৎ অনিশ্চিত, আর সেই সুযোগে বিশ্বজুড়ে আলোচনায় ফের উঠে এলেন তিনি।
গুজবটা সামনে আসার কিছু সপ্তাহ আগেই পামেইরাস ক্লাবের প্রেসিডেন্ট লেইলা পেরেইরা এ নিয়ে মন্তব্য করেছিলেন। কারণ, মার্কা–র রিপোর্টে দাবি করা হয়, ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশ্যে একটি ব্রাজিলিয়ান ক্লাব রোনালদোকে দলে নিতে আগ্রহী। ক্লাবের নাম প্রকাশ না করলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমন এক প্রস্তাব দেওয়া হয়েছে যা রোনালদোর মতো তারকাকে বিশ্বকাপে খেলানোর সুযোগ এনে দিতে পারে।
তবে প্রেসিডেন্ট লেইলা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পামেইরাস এই আলোচনার অংশ নয়।
— 'আমি হতবাক। কী সব আজব গল্প বানায়! ভাবুন তো, আমি যদি প্রতিদিন এসব গুজব অস্বীকার করতে বসি! এটা একদমই সত্য নয়। যে বলছে, সে মিথ্যা বলছে। আমি পামেইরাসের প্রেসিডেন্ট, এমন বিশাল প্রস্তাব থাকলে তা আগে আমার কাছেই আসত। সাবধান হোন, এখন চারপাশে অনেক ভুয়া স্বপ্ন বিক্রেতা ঘুরে বেড়াচ্ছে। এ কথা সম্পূর্ণ মিথ্যা—রোনালদো কখনো ব্রাজিলে আসতে চায়নি, আর পামেইরাসেরও তার প্রতি কোনো আগ্রহ নেই,” বলেন লেইলা, খানিকটা রসিকতার সুরে।
তাহলে কোন ক্লাব?
পামেইরাস বাদ দিলে, ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ব্রাজিলের বাকি তিন ক্লাব হলো—বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো এবং ফ্লুমিনেন্স। মার্কা জানাচ্ছে, রোনালদোর জন্য যে প্রস্তাব এসেছে, তা বাজারের প্রচলিত ধারা থেকে আলাদা—এতে রয়েছে বাইরের বিনিয়োগকারীদের সমর্থন। 'প্রথমে যেটা ছিল বাজারের এক সাধারণ পদক্ষেপ, এখন সেটাই রূপ নিতে পারে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে, যেখানে বাহ্যিক বিনিয়োগকারীদের বিশাল অর্থসাহায্য রয়েছে,” প্রতিবেদনে বলা হয়।
আল-নাসরে রোনালদোর অনিশ্চিত ভবিষ্যৎ
এদিকে সৌদি লিগে সর্বোচ্চ গোলদাতা হলেও রোনালদোর ক্লাব আল-নাসর পারফর্ম করছে অনিয়মিতভাবে। সদ্য তারা ৩-২ গোলে হেরেছে আল-ইত্তিহাদের কাছে, যেখানে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। কোচ স্তেফানো পিওলি এখন চাপে রয়েছেন।
রোনালদো তার ক্যারিয়ারে ১,০০০ গোলের লক্ষ্যে রয়েছেন (বর্তমানে তার গোলসংখ্যা ৯৩৪)। তিনি নিজের চুক্তি আরও দুই বছর বাড়াতে আগ্রহী ছিলেন। কিন্তু ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতা ও তার আচরণ নিয়ে প্রশ্ন উঠায় আলোচনা আপাতত বন্ধ।
শোনা যাচ্ছে, যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে সৌদি লিগের অন্য কোনো ক্লাবেও রোনালদোকে ছাড়তে পারে আল-নাসর। তবে সবকিছু নির্ভর করছে ক্লাবের শেষ দুটি ম্যাচের ফল এবং খেলোয়াড় ও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার ঐক্যমতের উপর।
রোনালদোর সঙ্গে দ্বৈরথকে 'চমৎকার' বললেন মেসি