ইন্টার মায়মি কেমন এবার বুঝতে পারবো: মেসি

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:১৬ এএম

ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়েছে ইন্টার মায়ামি। সর্বশেষ ৭ ম্যাচের ৫টিতেই তারা হেরে গেছে। আজ সোমবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুজনেই দেখেছেন হলুদ কার্ড।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্যদিকে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি। এর মাঝে তিনটিই জালে জড়িয়েছে। প্রথম গোলটি আসে ম্যাচের ৪৩ মিনিটে লুইস মুরিয়েলের নৈপূণ্যে।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মার্কো পাসালিক। এরপর ৭৩ মিনিটে হলুদ কার্ড দেখেন লুইস সুয়ারেজ। এর দুই মিনিট পর লিওনেল মেসিকেও হলুদ কার্ড দেখান রেফারি! যোগ করা সময়ে মেসিদের হতাশা বাড়িয়ে তৃতীয় গোলটি করেন দাগুর দন থরহালসন। এই হারের পর ১৩ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ৩ পরাজয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘এখন সত্যিই বুঝতে পারব যে, কঠিন সময়ে আমরা দল হিসেবে কেমন। কারণ সব যখন ঠিকঠাক চলে তখন সবকিছু সহজ হয়। আর যখন কঠিন সময় আসে, তখন আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত