বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪

আপডেট : ১৯ মে ২০২৫, ০১:১৭ পিএম

দিনাজপুর জেলার বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ৪ কর্মকর্তা মারা যান।

সোমবার (১৯ মে) ভোর সাতটায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি একেবারেই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫)। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভোর ৭ টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনায় চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত