‘হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করার কোনো সুযোগ নেই’

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:৫৩ পিএম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবেন সোহান-বিজয়রা। সিলেটে প্রথম ম্যাচে ৭০ রানে হেরে গিয়ে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচ হারলেও নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, হাসান মুরাদ ও মাহিদুল ইসলাম অংকনরা। নিজেদের সামর্থে্যর সর্বোাচ্চটুকু দিয়ে দ্বিতীয় ম্যাচটি জিতে সমতায় সিরিজ শেষ করার লক্ষ্যের কথা জানিয়েছে দলটির কোচ মিজানুর রহমান বাবুল।

গণমাধ্যমের সামনে বাবুল বলেন, ‘আমাদের খেলোয়াড়দের আরও স্কিলফুল হতে হবে। ৬টা ছক্কা মারা বল আসলে ৩টা মারতে পারছি, বাকি ৩টা পারছি না। এটাই স্কিল ডেভেলপের জায়গা যে আমি ৬টার মধ্যে ৫টা ছক্কা মারতে পারবো। ‘এ’ দলের ক্রিকেটারদের সেভাবেই প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। সেজন্য বেশি বেশি ম্যাচ, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই জায়গাতেই খেলতে হবে। স্কিল বাড়ানোর জন্য প্র্যাকটিস প্রয়োজন কিন্ত ম্যাচ খেলার কোনো বিকল্প নেই।’

দেশের ক্রিকেটে ‘এ’ দলের গুরুত্ব নিয়ে কোচ বলেন, ‘জাতীয় দলের এক থেকে এগারো নম্বর পর্যন্ত যেকোনো পজিশনের ঘাটতি পূরণের বিকল্প হলো এই দলটা। ‘এ’ দল যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে তবে খেলোয়াড়দের অভিজ্ঞতাও হবে আন্তর্জাতিক পর্যায়ে। ঘরোয়া আর আন্তর্জাতিকের পার্থক্য অবশ্যই রয়েছে। ঘরোয়ার অভিজ্ঞতা দিয়ে আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না।’

সিরিজের দ্বিতীয় ম্যাচে শুধু জয়ের দিকেই চোখ এ কোচের, ‘ড্র করলে আমরা সিরিজ হেরে যাবো। তাই এ ম্যাচে ড্র করার কোনো সুযোগ নাই। আমরা খেলতে নামবো জেতার জন্য। হয় জিতবো অথবা হেরে যাবো, ড্র করা যাবে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত