বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের সদস্য বহনকারী ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া এই তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির কারণে ওই ফ্লাইটটি ল্যান্ড না করে ফিরে গেছে। তবে ফ্লাইট উঠা-নামা বন্ধ হয়নি।
জানা গেছে, বাংলাদেশ জাতীয় অনুর্ধ ১৯ ফুটবল দলের সদস্য বহনকারী ফ্লাইটটি বিকাল ৫টার পরপরই শাহজালালে অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ফুটবলারদের বহনকারী ফ্লাইট ইন্ডিগো শাহজালালে অবতরণ করেনি। ফ্লাইটটি পরবর্তীতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফুটবলারদের বহনকারী ফ্লাইট কলকাতায় অবস্থান করছে।
প্রসঙ্গত, ভারতে অরুনাচলে সাফ অনুর্ধ ১৯ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভারতের সঙ্গে ট্রাইবেকারে পরাজিত হয়ে রানার্সআপ হয়।
