পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে ১১ জনকে আটক

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৪৪ এএম

ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের গুপ্তচরবৃত্তির সন্দেহে ১১ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশ ও গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।  

সম্প্রতি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে নয়জনকে গোয়েন্দা তৎপরতার অভিযোগে আটক করা হয়। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব গত সোমবার সাংবাদিকদের জানান, সামরিক গোপন তথ্য ফাঁসের সঙ্গে জড়িত দু'জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।  

তিনি দাবি করেন, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা গত ৬-৭ মে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের রাজধানী নয়াদিল্লি-সংক্রান্ত গোপন তথ্য আদান-প্রদান করছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ভারতীয় সশস্ত্র বাহিনীর সংবেদনশীল তথ্য পাচার করছিল।  

এদিকে হরিয়ানা পুলিশ গত সপ্তাহে একই ধরনের অভিযোগে একজন ভ্রমণ ব্লগারকে আটক করে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই নারী কমপক্ষে দু'বার পাকিস্তান সফর করেছেন এবং সেদেশের কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল।  

গ্রেফতারকৃতদের মধ্যে একজন শিক্ষার্থী, একজন নিরাপত্তা কর্মী ও একজন ব্যবসায়ীও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম, আর্থিক প্রলোভন, মেসেজিং অ্যাপ ও পাকিস্তান ভ্রমণের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্কে নিয়োজিত করা হয়েছিল।  

উল্লেখ্য, ১৯৯৯ সালের পর ভারত-পাকিস্তান সম্পর্কের সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত