বিশ্বাস ছিল, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতব: ওয়াসিম

আপডেট : ২২ মে ২০২৫, ১০:২৬ এএম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসের বড় ঘটনা। টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে তারা যখন উচ্ছাসে ভাসছে, তখন বাংলাদেশ অজুহাত খুঁজে বেড়াচ্ছে। অধিনায়ক লিটন দাস তো দুই ম্যাচ হারের পেছনে শিশিরকে দায়ী করেছেন। তবে আমিরাত অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিমের বিশ্বাস ছিল, তারা বাংলাদেশকে সিরিজ হারাতে পারবেন!

গতকাল তৃতীয় তথা শেষ ম্যাচ ৭ উইকেটে জয়ের পর আমিরাত অধিনায়ক বলেন, ‘এই জয়ে আমি খুবই খুশি। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের বোর্ডকে, ধন্যবাদ জানাই কোচিং স্টাফ, প্রধান কোচ, ফিজিও, অ্যানালিস্ট, ট্রেনার, প্রত্যেককে অভিনন্দন জানাই। আমি খুবই খুশি ইতিহাস গড়তে পেরে। এই সিরিজ জয়ের অর্থ আমাদের কাছে বিশাল। ভবিষ্যতে এটা আমাদের সহায়তা করবে। প্রতিক্রিয়া জানানোর ভাষা নেই।’

ওয়াসিম দ্বিতীয় ম্যাচে ৪২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। তবে গতকাল আউট হন মাত্র ৯ রানে। তারপরও ওয়াসিমের বিশ্বাস ছিল, তার দল জিততে পারবে, ‘ছেলেরা যেভাবে খেলেছে, আলিশান, আসিফ, রাহুল ব্যাট করেছে যেভাবে, হায়দার যেভাবে বোলিং করেছেন, তাতে আমি খুবই খুশি। সত্যি বলতে, আমরা আশা হারাইনি। সবাইকে বলছিলাম, আমরা জিততে পারি। এই কন্ডিশনে আমরা অভ্যস্ত। সবার মাঝে বিশ্বাস ছিল। খুবই খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত