পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

পুলিশকে নিয়ে নুরের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৫৯ পিএম

পুলিশের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাম্প্রতিক বক্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয় বলে জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার এই বক্তব্যের নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিপি নুরুল হক নুর গত ২২ মে একটি গণজমায়েতে বলেন- 'অন্তর্বর্তী সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনও নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ঐভাবে ঝুলিয়ে দেওয়া হবে।'

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এমন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি, যা কোনওভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে।

এতে উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এমন শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে।

অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোনও মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এ রকম বক্তব্য দেওয়া হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এমন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে বলে এতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত