বিজয়ীর বেশে বিদায় নিলেন রিয়ালের সফলতম কোচ

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:৩২ এএম

রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচেও জয়ের দেখা পেয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটাই স্পেনের মাটিতে রিয়ালে মদ্রিচের শেষ ম‍্যাচ হয়ে রইল। বিজয়ীর বেশেই লুকা মদ্রিচকে পাশে রেখে রিয়ালকে বিদায় জানালেন আনচেলত্তি। অন্যদিকে ক্লাব বিশ্বকাপ শেষেই মদ্রিচ রিয়াল ছাড়বেন।

বদলি হিসেবে মাঠ থেকে উঠে যাওয়ার সময় মদ্রিচকে গার্ড অব অনার দেওয়া হয়। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই মুহূর্তটা আসুক, আমি কখনও চাইনি। তবে এটা ছিল সুদীর্ঘ, কিন্তু বিস্ময়কর এক অভিযাত্রা। সবার আগে আমি ক্লাব, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে ধন‍্যবাদ জানাতে চাই। আমি ধন‍্যবাদ জানাতে চাই এখানে পাওয়া সব কোচ ও সতীর্থদের যারা সবসময় আমাকে সঙ্গ দিয়েছেন এবং সেই সব মানুষদের, যারা আমাকে সাহায‍্য করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন‍্যবাদ। আমার পরিবারকে ধন‍্যবাদ। আমরা জিতেছি অনেক, আমরা কাটিয়েছি বিস্ময়কর অনেক মুহূর্ত। এই বছরগুলোতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন‍্য ধন‍্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আমার মনে গেঁথে যাওয়া একটা কথা আপনাদের শোনাই, ‘শেষ হওয়ায় কেঁদো না, বরং এটা ঘটেছে বলে হাসো”।’

রিয়ালের ১২৩ বছরের ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি খুবই খুশি ও গর্বিত, অসাধারণ একটা সময় কেটেছে। এখানে এই সময়ে যা কিছু ঘটেছে, এর কোনো কিছুই আমরা ভুলে যেতে পারি না। মানুষের ভালোবাসা নিয়ে, লম্বা সময় ধরে অসাধারণ ক্লাবকে কোচিং করানোর গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। রিয়াল মাদ্রিদ (আমার কাছে) নিজের বাড়ির মতো, একটি পরিবার। ছয় বছর ধরে ব‍্যাপারটি এমনই ছিল। শিরোপাগুলোর জন‍্য, এখানকার আবহর জন‍্য আমাদের সময় কেটেছে অসাধারণ।’

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাওয়া ৬৫ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘ক্লাব, আমি ও খেলোয়াড়দের মধ‍্যে খুব ভালো যোগাযোগ ছিল। অসাধারণ সব খেলোয়াড় ছিল আমার এবং সবসময়ই মাদ্রিদে অসাধারণ সব খেলোয়ড় থাকবে। আমি খুব সন্তুষ্টি নিয়ে এখান থেকে যাচ্ছি। এই পরিবারের সদস‍্য হতে পারা, এখানে ইতিহাস রচনা করা এবং ইতিহাসের অংশ হওয়া সম্মানের, আনন্দের। প্রথম দিন থেকে এটাই ছিল লক্ষ‍্য, যেটা আমি পূরণ করতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত