ইন্টার মায়ামির হলোটা কী? সর্বশেষ ৮ ম্যাচে তাদের জয় মাত্র একটি। এর মাঝে এমএলএসেও এখন টানা চার ম্যাচে জয়হীন মায়ামি। এই ৮ ম্যাচে সব মিলিয়ে দলটি গোল হজম করেছে ২৩টি। সর্বশেষ আজ রবিবার বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়ার মাঠে ৩-৩ ড্র করেছে মায়ামি। বলা ভালো যে, লিওনেল মেসির গোলে কোনোমতে হার এড়িয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
সুবারো পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ৮৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল। এমন পরিস্থিতিতে ৮৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বক্সের কিছুটা বাইরে থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নেওয়া শট ফিলাডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাত লেগে জালে জড়ায়।
মেসির গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে মায়ামি। তবু হার এড়ানো যাবে কিনা- সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যোগ করা সময়ের শেষ দিকে তেলাসকো সেগোভিয়ার গোলে কোনোরকমকে হার এড়ায় ইন্টার মায়ামি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে ২৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবস্থান ৬ নম্বরে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩০।
ভুয়া ফলোয়ার দিয়ে কোটি কোটি টাকা আয় ভিনি-এমবাপ্পের!
বিজয়ীর বেশে বিদায় নিলেন রিয়ালের সফলতম কোচ