দূষণের তালিকায় পিছিয়েছে ঢাকা

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:৪০ এএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নগরায়ণের চাপে বিশ্বের বহু শহরের বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। ব্যতিক্রম নয় বাংলাদেশের রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল প্রথম দিকেই। তবে সাম্প্রতিক তথ্যে কিছুটা স্বস্তি মিলেছে; বায়ুমানে দেখা গেছে উন্নতির ইঙ্গিত।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, এ সময় ঢাকার একিউআই স্কোর ছিল ৫৮। এই স্কোর অনুযায়ী ঢাকার অবস্থান ছিল বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৮তম।

একিউআই স্কোর ৫৮ মানে বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ৫১৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭৭), তৃতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (১৭২), চতুর্থে চীনের উহান (১৬১) এবং পঞ্চমে ভিয়েতনামের হ্যানয় (১৪৭)।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, একিউআই স্কোর যদি ০ থেকে ৫০ এর মধ্যে হয়, তাহলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’, ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

‘খুব অস্বাস্থ্যকর’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে পড়লে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জনসাধারণের চলাফেরাও সীমিত রাখা জরুরি হয়।

বায়ুমান উন্নতির এই ধারা অব্যাহত রাখতে পরিবেশ সচেতনতা ও দূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত